আপনি যখন নতুন কোন কাজে অগ্রসর হবেন, প্রকৃতির স্বাভাবিক নিয়মানুযায়ী কিছু প্রতিবন্ধকতার শিকার হবেন। তন্মধ্যে, প্রাথমিক অবস্থায় হিংসা-বিদ্বেষের শিকার হবেন বেশি। এগুলোকে মোটেও পাত্তা দেয়া যাবে না। দিলে এগুতে পারবেন না মোটেও। একটা গল্প মনে পড়ে গেলো। সম্ভবত এটা মিথ। বাস্তব ভেবে ভুল করবেন না। ভাবলে তা একান্তই আপনার দায়।
অনেক আগে। তখন সম্ভবত জমিদারী আমল। এলাকার একজন বিখ্যাত জমিদার এলাকায় পঞ্চমন্দির নির্মান করেন। ধর্মীয় ও রাজনৈতিকভাবে নিজের প্রভাব বাড়ানোর জন্য। যাহোক, তার উদ্দেশ্য সফল হলো।
হঠাৎ, একদিন দক্ষিণ দিক থেকে একজন লোক আসলেন। মন্দিরের দর্শনার্থী হয়ে। জমিদার সাহেবের লোকটার গতিবিধি ভালো লাগলো না।
অনেক্ষণ লোকটার গতিবিধি পর্যবেক্ষণ করে, প্রশ্ন করলেন। "ভাই, তুমি এত ঘাটাঘাটি করে কি দেখো?"
তখন, লোকটি বললেন, "আমিও এমন একটা মন্দির নির্মাণ করতে চায়।"
জমিদার মহাশয় বললেন, "কত টাকা জমিয়েছো শুনি।"
লোকটি বললেন, "ধান রাখা ডোলের কত ডোল টাকা লাগবে।"
জমিদার লোকটির কথা শুনে বিস্মিত হয়ে বললেন, "ভাই, তুই পারবি। কিন্তু আমার চেয়ে একহাত নিচু করে বানাবি।"
কি বুঝলেন!
মানুষের স্বাভাবিক প্রবণতা হলো, সে সবাইকে নিচে রেখে উপরে বসে পোদ্দারী করতে চায়। যদিও এটা একটা ভুল ধারণা। এ ধরণের ভাবনার ব্যক্তির ব্যক্তিত্ব ও বোধ প্রশ্নবিদ্ধ।
এসব বাদ দিয়ে প্রতিটি মানুষের সম্ভাবনাকে কাজে লাগাতে উৎসাহিত করলে আখেরে দেশ ও দশের, সকলেরই লাভ হয়। পাশের মানুষ হিসেবে আপনারই বেশি লাভ হবে।