৯১৫. পিতামাতা বা অভিভাবক হিসেবে সন্তানের মৌলিক অধিকারসমূহ পূরণ করাই আপনার দায়িত্ব-কর্তব্য। মৌলিক অধিকারসমূহ মোট পাঁচটি। যথাঃ খাদ্য, পোশাক, নিরাপদ ও বাসযোগ্য ঘর, শিক্ষা এবং চিকিৎসা (অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য)। অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের অভিভাবকগণ সন্তানের প্রতি এ মৌলিক দায়িত্ব-কর্তব্য পালনে ব্যর্থ হন। দুঃখজনক ঘটনা হচ্ছে, তারা আবার এর দায় সন্তানের উপরই চাপিয়ে দেন। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপান। দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা পালনে ব্যর্থ লোকজন সন্তানের সাথে নানান ক্ষেত্রে পশুর মত আচরণও প্রদর্শন করে থাকেন বলে দেখেছি। মৌলিক অধিকার বঞ্চিত কোন সন্তানই অভিভাবকের সাথে সদাচরণ করে বলে মনে হয়নি আমার। চোখের সামনে কত কিছুই তো ঘটতে দেখি।
৯১৬. মানুষ আপনাকে অনেক কথাই বলবে। তাতে মনোযোগ দিলে নিজের কর্ম কখনো করা হবে না। তখন নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মত হয়ে যায়। সময় সর্বদা প্রবহমান ধারা। সবার জন্য চব্বিশ ঘন্টাই বরাদ্দ। যে সময়কে কাজে লাগাতে পারে সে বিজেতা। বাকিরা বিজিতের মত জীবনযাত্রা নির্বাহ করে।
৯১৭. একজন ব্যক্তি যতক্ষন পর্যন্ত নিজের ভেতর থেকে না জেগে উঠবে ততক্ষন পর্যন্ত তাকে জাগানো অসম্ভব। আপনি সারাদিন চেষ্টা করেও জেগে ঘুমানো ব্যক্তিকে নতুন করে জাগাতে পারবেন না। কারণ, সে জেগেই আছে।
৯১৮. জীবন আপনার, কাজও করেন আপনি। কিন্তু, সেটা করেন অন্যের সিদ্ধান্তে। কোন কারণে আপনাকে আপনার কর্ম ও সিন্ধান্তের জবাবদিহিতা করতে বলা হলো, তখন কি যার সিদ্ধান্তে কাজ করেন, তাকে দেখিয়ে দেবেন? সেটা তো আসলে কোন জবাবদিহিতা হলো না। জীবন আপনার। সুতরাং, সিদ্ধান্তও আপনার। জবাবদিহিতাও করতে হবে আপনাকেই। অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে সব কিছু আগে উপলব্ধি করার চেষ্টা করুন। দেখবেন, কঠিন বিষয়ও সহজ হয়ে গেছে।
৯১৯. মানুষ মানুষকে কখনো ভালো বলে না। নিজের কাছে ভালো থাকাটই আসল। মুনাফার পিছে অতি মাত্রায় ছুটতে গিয়ে, পিছে মানুষ আসল হারায়। বোকা মানুষ!
৯২০. আপনার কাজ, আপনার সিদ্ধান্ত আপনার মত করে ভেবে-চিন্তে সুচারুরূপে করুন। কারণ, আপনার জবাবদিহিতা আপনাকেই করতে হবে। কেউ কারো জবাবদিহিতা করে না। পারেও না। সম্ভবও নয়। পাছে লোকে অনেক কিছুই বলে, কিন্তু তাতে আপনার দু'পয়সা রোজগার দূরে থাক, উল্টো কান-মন দিলে অযথা সময় নষ্ট ছাড়া কিছু হয় না। সময় এমন একটি সম্পদ যা গেলে আর ফিরে পাওয়া যায় না। এজন্য বন্ধু ও থাকার পরিবেশ নির্বাচনে সতর্ক থাকতে হয়। কারণ, কাছের মানুষই আপনার সম্পর্কে জানে এবং ক্ষতি করলে তারাই করবে। বাইরের কারো সাধ্য নাই আপনার সমূহ ক্ষতি করার।
৯২১. মানুষ সহজে বড়লোক হতে চায়। কিন্তু, ভেবে দেখে না, আদৌ সেটা সম্ভব কিনা। এজন্য তারা জীবনের পরতে পরতে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে করতে সর্বস্ব হারিয়ে, নিঃস্ব হয়ে, গরীব আরো গরীব হয় এবং ঐ অবস্থায় মৃত্যুবরণ করে। বোকা মানুষ! ব্যক্তিগত বা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকা দরকার। ভুল জীবনের অংশ। কিন্তু, কোন জিনিসই বেশি ভালো নয়। স্বচ্ছতা এবং জবাবদিহিতা উপেক্ষা করলে, জীবনের ভুলগুলো কমাতে পারবেন না।
৯২২. বাংলার প্রকৃতি এমন যে মানুষকে খুব সহজেই অলস করে দেয়। প্রমান স্বরূপ, এখানে অজুহাতপ্রবণ এবং সময়ক্ষেপণ করা মানুষের সংখ্যা বেশি। কিচ্ছু করা লাগবে না, শুধু একটু পরিশ্রমের কথা বলে দেখবেন, সবাই না ভেবেই আরাম-আয়েশের প্রশ্ন তুলবে। এজন্য একটু পরিশ্রম করলেই এখানে অন্যদের চেয়ে এগিয়ে থাকা যায়।
৯২৩. যুগে যুগে এমএলএম কোম্পানীগুলো বিভিন্নরূপে ফিরে এসেছে। অল্পতেই লোভনীয় মুনাফার লোভে, লোভী আর মূর্খ মানুষগুলো বার বার প্রতারণার শিকার হয়ে সর্বস্ব খুইয়েছে। বোকা মানুষ!
৯২৪. কোন কাজই ছোট নয়। তবে, ছোট থেকে ধীরে ধীরে নিজেকে সিড়ি বেয়ে বড়র দিকে এগিয়ে নিতে হয়। নাহলে, নিজের কাছে নিজেই ছোট হয়ে থাকতে হয়। কুনো ব্যাঙের মত কুয়োর মধ্যেই নিজের পৃথিবী আটকে যায়।