অসভ্য মানুষ শুধু নিজের জন্য নয়; সমগ্র মানব জাতির জন্য অভিশাপ এবং বোঝা স্বরূপ। সুযোগ পেলেই এরা আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে উস্তাদ। প্রশ্ন হলো, অসভ্যতা পরিমাপের মাপকাঠি কি? কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে এটি। প্রথমত, অসভ্যতা সুনির্দিষ্ট পারদে উঠানামা করে। ঠিক তাপমাত্রা পরিমাপের কাঠির মত।
দ্বিতীয়ত, অসভ্যতা প্রকাশ পায় দু'ভাবে। এক. কথাবার্তা ও আচরণে। দুই. কর্ম ও লেনদেনে। দেখবেন, কিছু মানুষ আছে, কথা বলার সময় প্রত্যেকটা বাক্যে খুব বাজে ধরণের শব্দ ও ইঙ্গিতের ব্যবহার করে। খুব সহজে গীবতে জড়িয়ে পড়ে। যেটা কোন আইনে বা ধর্মীয় আচারে স্বীকৃত নয়। বরঞ্চ, শাস্তিযোগ্য পাপাচার। এখন কথা হচ্ছে গীবত আসলে কি? সহজভাবে বললে, ‘গীবত’ শব্দের শাব্দিক অর্থ পরনিন্দা করা, কুৎসা রটানো, পেছনে সমালোচনা করা, পরচর্চা করা, দোষারোপ করা, কারও অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা।
গীবতের চাইতে আরো বাজে কাজ হচ্ছে, বুহতানে লিপ্ত হওয়া। সহজভাবে বললে, মিথ্যা বলে মানুষকে ফাসানো, ভুল তথ্য দিয়ে বিপদে ফেলা, উৎকোচ আদায় করা, অন্যায়-অপবাদ দেয়।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে এসকল বিষয় চর্চা হচ্ছে। অথচ, কেউই এ সকল বিষয়ে কথা বলে না। মানুষকে সচেতন করে না। সবাই নিজের লভ্যাংশ খুঁজে বেড়ায়। যেখানে মানুষ ভিড় করলে তার লাভ, সেখানেই সবাইকে আহ্বান জানায়।
সুদ, ঘুষ, দূর্নীতি এগুলো এড়িয়ে চলা দূরে থাক, প্রতিটি ব্যক্তি কোন না কোনভাবে এগুলোর কোন না কোনটির সাথে জড়িত। এগুলোর কথা বললে তারা আবার নিজে নিজে ভালো সাজে। অথচ, তলে তলে সব চলে। ডুবে ডুবে জল খায়। আর উট পাখির মত মাথা বালিতে ঢুকিয়ে ভাবে কেউ মনে হয় তাকে দেখে না। কথা হচ্ছে, পাগলেও টাকা চেনে। হয়তোবা, বলে না। অযথা, ক্যাঁচালে জড়িয়ে নিজের শান্তির ঘুম নষ্ট করতে চায় না বিধায়। আমিও চাইনি বলতে। তবে, সুনির্দিষ্টভাবে কাউকে না বলে, কথাটা সার্বিকভাবে বলা গেলো বিধায় বলে ফেললাম।
এবার আসা যাক, কর্ম ও লেনদেনে কিভাবে অসভ্যতা প্রকাশ পায়। বিয়য়টা একটু জটিল, তবে চেষ্টা করলে বুঝতে পারবেন। নিজেই হিসেব কষে বের করতে পারবেন। এমনিতে অসভ্য লোকের কর্ম কেমন হওয়া উচিত তা ইতিমধ্যে আপনার মাথার মধ্যে ঘুরপাক খাওয়ার কথা। নোংরামি আর ভণ্ডামির বিশাল সংমিশ্রণ।
লেনদেনের ক্ষেত্রে এরা সামগ্রিকভাবে চির-অসৎ। অভাবের তাড়নায় কারো লেনদেন খারাপ হলে, সবারই উচিত তাকে সহযোগিতা করা। কিন্তু, আর্থিক সচ্ছলতা থাকার পরও লেনদেনে খারাপ লোক বড় ধরণের অসভ্য। এদের খপ্পরে পড়লে ঠ্যালা বুঝবেন। বাস্তবতা ভাবনার চেয়েও অনেক দূর।