গত কয়েকদিন আগে কোন একটি বিষয়ে বাজারের একজন পড়ালেখা না জানা সাধারণ খুচরা পণ্য বিক্রেতার সাথে পণ্যের মানগত জটিলতা নিয়ে নেগোশিয়েট করছিলাম। এই বিষয়টা পাশ দিয়ে যাওয়ার সময় একজন পরিচিত মুরুব্বি দেখেন। পরবর্তী সময়ে তিনি বলেন, বাবা ওরা বেয়াদব, আর তুমি হলে শিক্ষিত মানুষ। সুতরাং, তুমি ওদের সঙ্গে পারবে না। অযথা কথা বলে ক্যাঁচালে জড়ানোর দরকার নেই। আমি বললাম, জ্বী চাচা। কিন্তু চাচা, বেয়াদবদের আছে অসভ্যতা আর শিক্ষিত মানুষদের থাকে কৌশল। এবার বলেন, কে পারবে। অবশ্য সে ব্যাপারে আমি কার্যোদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। শিক্ষা ভাবনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। হালনাগাদ শিক্ষা ভাবনার সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারলে ঐ শিক্ষা সার্টিফিকেট সর্বস্ব ও মূল্যায়ন অযোগ্য। শিক্ষিত হয়ে ভাব-টাব নিয়ে লাভ হবে না; আপনাকে কাজ করা শিখতে হবে এমন, 'জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ' পর্যন্ত। আপনাকে সংকট মোকাবিলা করা শিখতে হবে, শিখাতে হবে।
আমার সবচেয়ে অদ্ভূত লাগে একজন ভিক্ষুক কিভাবে তার ইমোশোনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে অন্যের পকেট থেকে কিভাবে ফাউ-ফ্রি টাকা বের করে; এটা দেখে। সে ঐ ব্যক্তির সাথে সুচারুরূপে ডিল করা শিখে গেছে। আপনিও এখান থেকে শিখতে পারেন ডিল করা।
পাগলের কাছ থেকেও শিখতে পারেন অনেক কিছু। তুচ্ছ-তাচ্ছিল্যের স্বভাব বদলাতে না পারলে এদের চেয়েও শোচনীয় অবস্থার মুখে পতিত হতে পারেন আপনি।
খুচরা অভিজ্ঞতার অনেক মূল্য। জানেন তো, তিল জমে তাল হয়!