বুঝলেন বাবু! আমাদের কোন পরিবর্তন আসে না!
রাস্তাগুলো চওড়া হয়, বড় হয়, রাস্তার উন্নয়ন হয়! সে রাস্তা দিয়ে বড় বড় কালো ধোয়ার গাড়ি ছুটে চলে গন্তব্যস্থল! যতটুকু আমরা পারি তাতে তুলে দিই! আমাদের মুখে কালো ধোয়া মেরে সব নিয়ে চলে যায় দূরের কোন অজানা শহরে!
বুঝলেন বাবু! শুধু আমাদের কোন পরিবর্তন আসে না!
নতুন নতুন স্বপ্ন নিয়ে নতুন নতুন প্রযুক্তি আসে! আর প্রতি বছর আমাদের বোনা স্বপ্নগুলো পানিতে ভাসে!
বুঝলেন মহাশয়! আমাদের কোন পরিবর্তন আসে না!
অট্টালিকার উপরে বসে বিরিয়ানির চাউলে নিত্য বাহারি খাবার! মুখে ফোটে আমাদের নিয়ে কতকথার ঝংকার!
জনাব, বুঝলেন! শুধু আমাদের কোন পরিবর্তন আসে না!
ছেড়া লুঙ্গি পরে খেত-খামারে কাজ করি; আমাদের নিয়ে কত তামাশা দেখি! আকাশচুম্বী অট্টালিকার শিক্ষিৎ মানুষগুলোর আমাদের নিয়ে ভাবনার কোন অন্ত নেই!
কিন্তু, আমাদের কোন পরিবর্তন আসে না!
সরকার আমাদের নাকি অনেক টাকা দেয়; ঋণের নামে, ভর্তুকির নামে! দায়িত্বে বসা শিক্ষিৎ মানুষগুলো করে ফেলে তা তছরূপ! বিষয়টা কেমন হয়ে গেলো না বাবু? অদ্ভূত, তাই না! কিন্তু, তাদের কিছুই হয় না!
দূর্যোগে যখন দুটো ঋনের কিস্তি দিতে না পারি! কোমরে ওঠে কাঠগড়ার দড়ি! শিক্ষিৎ মানুষগুলো বলে, 'কিস্তি না দিলে হবে তোর জেল। দেখ, আমার খেল্!' কাদা-মাটির মানুষ! শিক্ষা নাই! অতশত বুঝি না! তাই আরো কতশত হেনস্থা যে হই!
কি! বুঝলেন! আমাদের কোন পরিবর্তন আসে না!
লোক দেখানো ভোগবাদী কর্মকাণ্ডে অভ্যস্ত শিক্ষিৎ মানুষের ভাবনাগুলো যেন ফ্যাশান হয়ে গেছে! শিক্ষা যেন হয়ে গেছে আমাদের ঠকানোর মহা কসরতের অংশ! ছলচাতুরির রঙ্গশালা!
কি ভাবছেন বাবু! খুব মহৎ হয়ে গেছেন বুঝি! উহু, কালে সবাই ছিলো মাটির মানুষ, আপনার জ্ঞাতি-গোষ্ঠী বংশ। মাটিকে অবজ্ঞা করবেন না! এ মাটি সোনার চেয়েও খাঁটি!
আমরা আপনার মুখে আহার তুলে দিই বাবু! কৃতঘ্নের পরিচয় দিয়েন না! পেটে টান পড়লে তখন বুঝবেন বাবু! আমাদের মূল্য তখন বুঝবেন! তখন!
উপরওয়ালাও বুঝি আমাদের প্রতি বিরাগভাজন সর্ব সময়ে। তিনিও বুঝি অট্টালিকার মানুষদের নিয়েই ভাবেন শুধু! আমাদের দুঃখগুলো ছন্নছাড়া!
কি! বুঝলেন, বাবু! আমাদের কোন পরিবর্তন আসে না! বাবু!