সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আসুন দ্বন্দ্ব না করে সমস্যার সমাধান করি


সভ্যতা-অসভ্যতার দ্বন্দ্বে সভ্যরাই বেশি নাকাল। তবে, দিনশেষে সভ্যরাই তাদের উন্নত মস্তিষ্কের জোরে জিতে যায়। আর অসভ্যরা তাদের অনুন্নত, অনুর্বর মস্তিষ্ক প্রসূত অসভ্যতার কারনে হেরে যায়। যত যায়গায় গিয়েছি, দেখেছি এই দ্বন্দ্বটা প্রকট। একজন শিক্ষিত মানুষের সাথে আরেকজন অশিক্ষিত মানুষের দ্বন্দ্ব। একজন অভিজ্ঞ লোকের সাথে আরেকজন অনভিজ্ঞ লোকের দ্বন্দ্ব। একজন দক্ষ লোকের সাথে আরেকজন অদক্ষ লোকের দ্বন্দ্ব। ধনীর সাথে নির্ধনের দ্বন্দ্ব; এমনকি ধনীরা সাহায্য করলেও নির্ধনের কাছে তারা খারাপ। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। কোন কোন ক্ষেত্রে দ্বন্দ্বগুলো প্রকাশ্যে চলে আসে এবং নিরন্তর চলতে থাকে। যা কোনদিন সমাধানে পৌছাতে পারে না এবং এগুলো হওয়ার পেছনে অনেকগুলো যৌক্তিক কারনও রয়েছে। সেগুলো অন্য কোন সময়ে না হয় ব্যাখ্যা করা যাবে। সমস্যা আর সমাধানের মাঝে দুটো জিনিস কাজ করে। এক. চিন্তা-ভাবনা। দুই. আলোচনা। সমস্যা সমাধানের জন্য এ দুটোর বিকল্প কিছুই নেই (সমস্যা = চিন্তা-ভাবনা + আলোচনা = সমাধান)। কিন্তু, আপনি হাজার চেষ্টা করে যখন অসভ্যদের আলোচনার টেবিলে বসাবেন তখন তাদের চিন্তা-ভাবনার দৈন্যতা আপনাকে নাকাল করে ছেড়ে দেবে। প্রত্যক্ষ-পরোক্ষ দু'ভাবেই তারা আপনাকে তাদের সমকক্ষে নামিয়ে নিয়ে আসবে। তাদের অসভ্যতার জোয়ারে আপনি আর আপনার সভ্যতা ভেসে হারিয়ে যেতে পারেন যদি কিনা আপনি কৌশলে কার্যোদ্ধার ব্যাপারটা উপলব্ধি না করতে পারেন তথায়।