সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভালোবাসার মূল্য থেকে মূল্যায়ন

মানুষ আপনাকে ভালোবাসে, তাই বলে আপনি সেই ভালোবাসাকে যাচ্ছেতাই ভাবে ব্যবহার করতে পারেন না। আগে আপনাকে ভালোবাসা এবং অধিকার সম্পর্কে জানতে হবে। ভালোবাসা এক জিনিস আর অধিকার আর এক জিনিস। ভালোবাসা আপনি পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। তবে, অধিকার আপনার প্রাপ্য জিনিস। অধিকার আপনি চাইলেও পাবেন, না চাইলেও এটা আপনার প্রাপ্য। আর ভালোবাসা আপনার কৃতকর্মের উপর নির্ভর করে। মানুষ আপনাকে ভালোবাসবে কি না, সেটা আপনার কৃতকর্মই নির্ধারণ করে দেবে।
মানুষ আপনাকে ভালোবাসে বলে আপনি সেখানে ভুল করেও কখনো অধিকার খাটাতে যাবেন না।  যখনই আপনি এ ভুলটা করবেন তখনই মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেতে থাকবে এবং মানুষ আপনার প্রতি ত্যক্ত-বিরক্ত হয়ে যাবে। অনেক ক্ষেত্রে এটা প্রকাশিত হবে না। তবুও, কখনো কখনো মানুষ আপনার পাশে আসবে বা থাকবে, তবে সেটার ভেতরে কোন আন্তরিকতা থাকবে না। অন্তশারশূন্য ভালোবাসায় পরিনত হবে। কতৃত্বপরায়ণ মানুষকে কেউই পছন্দ করে না। এমনকি যে কতৃত্বপরায়ণ সেও চায় না, কেউ তার উপর কতৃত্ব করুক। কাজেই, কতৃত্বপরায়ণ না হয়ে, যৌক্তক হতে হবে।
আবার তেলবাজি করতে যাবেন না, ভালোবাসা পাওয়ার জন্য। কারণ, মানুষ একটা সময় আপনার তেলবাজি ধরে ফেলবে। তখন আপনার ব্যক্তিত্ব তলানিতে গিয়ে ঠেকবে। মানুষকে যদি আপনি বোকা ভেবে থাকেন, তবে ভুল করছেন। সৃষ্টিজগতে প্রত্যেক মানুষই শিশু হয়ে জন্মগ্রহণ করে। সবাই সমান এখানে। আপন ভালো, পাগলেও বোঝে। সুতরাং, নিজে এই পাগলামি না করে, ভণ্ডামীটা বাদ দিন। কারণ, তেলবাজি করে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা জিনিসটা মানুষের ইচ্ছা এবং অনুভূতির সাথে সম্পৃক্ত। এখানে তেলবাজি খুব সহজেই ধরা খেয়ে যায়। হয়তোবা, আগে আর পরে।
আবার, ভালোবাসার নামে কাউকে ঠকাবেন না। কারণ, এ কাজটা এখনো পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে ঘৃন্য এবং নিকৃষ্ট একটি কাজ। একজন ব্যক্তি আপনার দ্বারা প্রতারিত হয়ে হয়তোবা সাময়িকভাবে বিপদগ্রস্ত বা দিশেহারা হবে। কিন্তু, একসময় সে এটা কাঁটিয়ে উঠবে। তবে, আপনার প্রতি তার যে ঘৃনাবোধের জন্ম হবে, সেটাই একদিন আপনার জন্য পরোক্ষ শনি হয়ে দাঁড়াবে। কি দরকার ভাই, দু'দিনের দুনিয়ায় সামান্য স্বল্পমেয়াদী সুখের জন্য কেনো একজন মানুষকে আপনি ঠকাবেন, প্রতারণা করবেন? এসব নেতিবাচক চিন্তা বাদ দিয়ে, নিজেকে একজন ইতিবাক চিন্তা-সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলুন। দেখবেন, আপনাকে প্রতারণা বা ঠকানোর কোন পন্থা অবলম্বন ছাড়ায় মানুষ আপনার  কাছে আসবে, ভালোবাসবে। আপনার যদি একটি শক্তিশালী ব্যক্তিত্ব থাকে তাহলে প্রয়োজনে মানুষ আপনাকে অঘোষিত নেতা মানবে। আপনাকে আর প্রতারণা, ভণ্ডামী, ঠকানো, তেলবাজির আশ্রয় গ্রহণ করা লাগবে না। আগে নিজের একটি শক্তিশালী ব্যক্তিত্ব গঠন করুন।
মানুষের ভালোবাসাকে মূল্যায়ন করতে শিখুন। তাহলে, মানুষের ভালোবাসা পাবেন। একজন মানুষ আপনাকে ভালোবেসে যাবে, আর আপনি এটাকে তার দূর্বলতা ভেবে অপ-ব্যবহার করার চেষ্টা করবেন। আমি বলছি, হ্যাঁ আমি বলছি, আপনি ভুল করছেন। মূল্যায়ন দিতে না জানলে, মূল্যায়ন পাওয়া যায় না। অপরকে সম্মান করুন, মানুষও আপনাকে সম্মান করবে।
ভালোবাসার মূল্য অপার। এটার গুরুত্ব বা প্রয়োজন ব্যাখ্যা করে বোঝানো অসম্ভব। ভালোবাসাহীন মানুষ চরম একাকিত্বে ভোগে। যেটা মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দার-প্রান্তে উপনিত করে। কাজেই, সহজ-সরল ভাবে চলাফেরা করুন, যৌক্তিক জীবনাচারের চর্চা করুন। দেখবেন মানুষ আপনাকে এমনিতে ভালোবাসবে। ভালোবাসার অভাব হবে না।