মুক্তিযুদ্ধে সাতক্ষীরা জেলাঃ মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ পাকসেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ১৪-১৭ এপ্রিল সাতক্ষীরা সংগ্রাম পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধারা ট্রেজারিতে মজুদ অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেয়। ২০ এপ্রিল পাকসেনারা এ উপজেলায় প্রবেশের সময় ঝাউডাঙ্গাতে গণহত্যা চালায় এবং ২১ এপ্রিল সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে (পূর্ব নাম সাতক্ষীরা টাউন স্কুল) শরণার্থী শিবিরে ও পার্শ্ববর্তী এলাকায় দুই শতাধিক লোককে হত্যা করে। ২৯ এপ্রিল ভোমরায় মুক্তিযোদ্ধা ও পাকসেনাদের মধ্যে সংগঠিত লড়াইয়ে ৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং বহুসংখ্যক পাকসেনা নিহত হয়। ৬ মে শ্যামনগরের গাবুরায় পাকসেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ১১ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ৭ জুন দেবহাটা উপজেলার টাউন শ্রীপুর গ্রামে পাকসেনাদের সঙ্গে লড়াইয়ে নাজমুল আরেফিন খোকন ও শামসুজ্জামান খান কাজলসহ ৮ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ১৭ জুলাই মুক্তিযোদ্ধারা সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ক্যাম্পে আক্রমণ চালিয়ে ৭ জন পাকসেনাকে হত্যা করে। ১৬ আগস্ট আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে পাকবাহিনীর দু’টি গানবোটে আক্রমণের সময় ৩ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ৯ সেপ্টেম্বর রাজাকারদের সহায়তায় পাকসেনারা শ্যামনগরের হরিনগর বাজারে অতর্কিতে আক্রমণ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এবং ২৮ জন লোককে হত্যা করে। ১৭ সেপ্টেম্বর আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে রাজাকার ও মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে বেশ কয়েকজন রাজাকার নিহত হয়। ১৮ সেপ্টেম্বর কলারোয়ার হঠাৎগঞ্জ প্রতিরক্ষা ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২৯ জন পাকসেনা নিহত হয় এবং ২০ সেপ্টেম্বর পাকসেনাদের আক্রমণে ১৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ২১ নভেম্বর দেবহাটা উপজেলার কুলিয়া ব্রিজ সংলগ্ন পাকবাহিনীর ঘাঁটিতে আক্রমণকালে ৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এছাড়া পাকসেনারা নির্বিচারে গুলি করে এ উপজেলার পারুলিয়া সাপমারা খালে প্রায় ৩ শতাধিক ভারতগামী শরনার্থীকে হত্যা করে।
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নঃ গণকবর ২ (দেবহাটা, শ্যামনগর উপজেলার কলারোয়া বাজার); বধ্যভূমি ৬: সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকা, সাতক্ষীরা সরকারি স্কুলের পেছনে দীনেশ কর্মকারের বাড়ি ও সংলগ্ন পুকুর, বিনেরপোতা ব্রিজ সংলগ্ন এলাকা, বাঁকাল ও গাঙ্গনী ব্রিজ সংলগ্ন এলাকা, মাহমুদপুর হাইস্কুল সংলগ্ন এলাকা (সাতক্ষীরা সদর), হরিনগর ও কাতখালী (শ্যামনগর); স্মৃতিস্তম্ভ ৫: বালিয়াডাঙ্গা ও কলারোয়া (কলারোয়া), গোপালপুর ও হরিনগর (শ্যামনগর), সাতক্ষীরা সদর; স্মৃতিফলক ১: মুরারীকাঠী (কলারোয়া); স্মরণি ৩: ঝাউডাঙ্গা শহীদ সিরাজ স্মরণি (সাতক্ষীরা সদর), শহীদ কাজল স্মরণি, শহীদ নাজমুল স্মরণি (দেবহাটা)।